সোমবার, ৯ মার্চ ২০২৬, বিকাল ৫:৬ সময়
ফাহিম ফরহাদরবিবার, ৮ মার্চ ২০২৬, দুপুর ১:৪৬ সময় 087
জাতীয় বিশ্ববিদ্যালয়ে সুবিধা বঞ্চিত ৯৮৮ কর্মকর্তা-কর্মচারীর অবস্থান কর্মসূচি
ফাহিম ফরহাদ,গাজীপুরঃ
গাজীপুরের জাতীয় বিশ্ববিদ্যালয়-এ বিভিন্ন দাবি-দাওয়া বাস্তবায়নের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছেন সুবিধাবঞ্চিত ৯৮৮ জন কর্মকর্তা-কর্মচারী।
রোববার (৮ মার্চ) সকাল ১০টার দিকে মহানগরীর বোর্ডবাজার সংলগ্ন জাতীয় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের সামনে এ কর্মসূচি পালন করেন তারা।
অবস্থান কর্মসূচিতে অংশগ্রহণকারী কর্মকর্তারা জানান, গত পতিত সরকারের সময় তাদের বিভিন্ন সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত করা হয়। এমনকি কিছু কর্মকর্তা-কর্মচারীর চাকরিও কেড়ে নেওয়া হয়েছিল। পরে সরকার পতনের পর তারা উচ্চ আদালতের রায়ের মাধ্যমে চাকরিতে পুনর্বহাল হন।
তাদের অভিযোগ, আদালতের রায় থাকা সত্ত্বেও বিশ্ববিদ্যালয় প্রশাসন এখনো বিভিন্ন সুবিধা থেকে তাদের বঞ্চিত করে রেখেছে। দীর্ঘ প্রায় ৯ মাস অপেক্ষা করার পর বাধ্য হয়ে তারা অবস্থান কর্মসূচিতে নেমেছেন বলে জানান আন্দোলনকারীরা।
অবস্থানকারীরা আরও জানান, দুপুরে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে অবস্থান কমিটির আলোচনা চলছে। আলোচনায় সন্তোষজনক সমাধান না এলে পরবর্তী নির্দেশনা অনুযায়ী কঠোর আন্দোলন কর্মসূচিতে যাওয়ার হুঁশিয়ারি দেন তারা।
তাদের দাবির মধ্যে রয়েছে আদালতের রায় অনুযায়ী জ্যেষ্ঠতার ভিত্তিতে পদোন্নতি প্রদান, বেতন কাঠামো সমন্বয়,আদালতের রায়ের সাংঘর্ষিক বিজ্ঞপ্তি বাতিল,কিছু কর্মকর্তা-কর্মচারীর শাস্তিমূলক বদলি বাতিল, দাবিগুলো আসন্ন ঈদের আগেই বাস্তবায়নের আহ্বান জানিয়ে তারা বলেন, তা না হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
এ সময় বক্তব্য দেন বিশ্ববিদ্যালয় প্রশাসন শাখার সহকারী রেজিস্ট্রার গুলশানারা কুমকুম, কলেজ পরিদর্শন শাখার পরিচালক নাজিম উদ্দিন আহমেদ শিশিম, চাকরি রক্ষা কমিটির মহাসচিব মিয়া হোসেন রানা এবং কলেজ পরিদর্শন শাখার সেকশন অফিসার মিয়াজ উদ্দিন।
এতে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উচ্চমান সহকারী শফিকুল ইসলাম, মিজান, নিম্নমান সহকারী জাকারিয়াসহ কয়েকশ কর্মকর্তা-কর্মচারী।